২৪ অক্টোবরের পর সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এবং এর আগে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় পুলিশ বিভিন্ন স্থানে ধরপাকড় অভিযান চালিয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এসব অভিযানে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রথম আলোর নারায়ণগঞ্জ, বাগেরহাট ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: জেলায় জামায়াত-শিবিরের নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানিয়েছেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে তাঁরা বোমা বানানোর পরিকল্পনা করেছিলেন। ওই বোমা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এবং বিরোধী দলের কর্মসূচিতে ব্যবহার করে এর দায় সরকারি দলের ওপর চাপানোর পরিকল্পনাও ছিল তাঁদের।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই, পরকালের পাসপোর্ট নামের পাসপোর্ট আকারের একটি বই, শিবিরের সদস্য সংগ্রহ ফরম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে আবদুল মালেক (৫০), তাঁর তিন ছেলে রবিউল ইসলাম (২৪), মো. ইসমাইল (২২) ও মো. ইছহাক (২০); একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আশ্রাফ (২৫); পাইনাদী নতুন মহল্লা এলাকার মো. ইউসুফ (১৮), মো. জাকারিয়া (২৫) ও সাইজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. ইমরান (২১) এবং ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ফজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৫)।
বাগেরহাট: মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী মনিরুজ্জামান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন জমাদ্দারসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন সোহেল ও মুন্না।
গতকাল দুপুরে শরণখোলা উপজেলা সদরের পাঁচ রাস্তার মোড়ে জনসংযোগ চালানোর সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, এই নেতারা এলাকায় সরকারবিরোধী প্রচারণার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, কাজী মনিরুজ্জামান মোরেলগঞ্জ উপজেলা বিএনপির এক নেতার নেতৃত্বে একটি মোটরসাইকেল-বহর নিয়ে শরণখোলায় আসেন। পাঁচ রাস্তার মোড়ের লোকজন ওই বহর দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বলেন, ‘পুলিশের হাতে আটক কাজী মনিরুজ্জামান বাগেরহাট জেলার কোনো কমিটিতে নেই। তিনি ঢাকায় ব্যবসা করেন ও বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক।’
ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুলিশ শনিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম সুজনকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নাশকতা এড়াতে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আরও অভিযান চলছে।