বিএনপি-জামায়াতের ৪৬ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থান থেকে গত দুই দিনে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং জামায়াত-শিবিরের ৪৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ গত শুক্রবার গভীর রাতে উপজেলার মুশুলি ইউনিয়নে অভিযান চালিয়ে শ্রমিক দলের ইউনিয়ন শাখার সভাপতি আপ্তর উদ্দিনসহ চারজন বিএনপির কর্মীকে আটক করেছে। আপ্তর উদ্দিন মুশুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। নান্দাইল মডেল থানার ওসি বলেন, আটক ব্যক্তিদের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়।
এদিকে ত্রিশালে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন যুবদলের ত্রিশাল থানা শাখার সদস্য জালাল উদ্দিন ও ছাত্রদলের আমীরাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে।
খুলনার পাইকগাছা উপজেলায় ইউপি সদস্যসহ জামায়াতের দুই নেতাকে আটক করেছে পাইকগাছা থানার পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার গরের আবাদ এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চাঁদখালী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জামায়াতের উপদেষ্টা কামরুল ইসলাম (৩৫) এবং একই ওয়ার্ডের জামায়াত সভাপতি মাওলানা আবদুল বারী (৫৫)।
পাইকগাছা থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।
একই রাতে ডুমুরিয়ার মিকশিমিল গাজীপাড়া মসজিদের সামনে থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি আওলাদ হোসেন।
বরগুনার আমতলীতে শুক্রবার গভীর রাতে জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ। জামায়াতের আমতলী পৌর শাখার আমির ও বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক কবির হোসেন (৪০) এবং জামায়াতের উপজেলা বায়তুল-মাল সম্পাদক ও ইউসুস আলী খান কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেনকে (৪২) আমতলী শহরের সবুজবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। গতকাল তাঁদের বরগুনা কারাগারে পাঠানো হয়।
জামায়াতের বাগেরহাটের কচুয়া উপজেলার আমির ও সেক্রেটারিসহ চার নেতাকে পুলিশ আটক করেছে। গতকাল দুপুরে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালী গ্রামের জনৈক মাহাতাব আলীর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। জামায়াতের জেলা শাখার সেক্রেটারি শেখ আবদুল ওয়াদুদ এই প্রতিবেদককে বলেন, আটক নেতারা সকাল থেকে দলীয় কার্যালয়ে বসে ছিলেন। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে একদল পুলিশ এসে কোনো কারণ ছাড়াই চার নেতাকে থানায় নিয়ে যায়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পুলিশ গতকাল সকালে জামায়াতের দামুড়হুদা ইউনিয়নের আমির নজরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় নজরুলকে তাঁর গ্রামের বাড়ি হাউলী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াতের চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি আজিজুর রহমানের ছোট ভাই ও জয়রামপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে। রায়গঞ্জ ও সদর থানার ওসি আনিসুর রহমান ও হাবিবুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। সবাইকে আদালতের মধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় ঝটিকা অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল পাঁচটা থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের চারটি দল অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ওই মহল্লার আলাউদ্দিন খাঁ সড়কে অবস্থিত স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার আহ্বায়ক জুলফিকার হোসেনের বাড়িতেও অভিযান চালান হয়। জুলফিকার হোসেন অভিযোগ করেন, পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করেছে। ১৫ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলের সদস্য কি না তা পুলিশের জানা নেই।
এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন খুলনা ও সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক এবং আমতলী (বরগুনা), বাগেরহাট, ফরিদপুর, চুয়াডাঙ্গা, ত্রিশাল ও নান্দাইল (ময়মনসিংহ) থেকে প্রতিনিধি।