বিএনপি-জামায়াত একই মায়ের দুই সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য, ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা একই মায়ের দুই সন্তান। তাদের জন্মদাতা হলো পাকিস্তান। বিএনপি বাংলাদেশের আপদ। তারা ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বোঝে না। বিএনপি দেশকে অস্থিতিশীল করে তুলতে হরতালসহ নানা কর্মসূচি দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।স্বাধীনতার ৪০ বছরে পদার্পণ ও বর্তমান মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ডিআইটি মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ এস এম আকরাম, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী প্রমুখ। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্যের কোনো অভাব নেই। বিগত বিএনপি জোট সরকারের আমলে দেশের উত্তরাঞ্চলে মঙ্গা দেখা দিলেও এখন সে অবস্থা নেই। এই সরকারের আমলে দেশে মঙ্গা হবে না। বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের নেতারা দেশের সম্পদ বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে।মন্ত্রী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে বিএনপি এখন যুদ্ধাপরাধীদের মদদ দিচ্ছে। তবে এই সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করা হবে।আলোচনা সভা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।