বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশ ও জনগণের ভাগ্যে চরম বিপর্যয় ঘটবে বলে অভিমত ব্যক্ত করেছে ওয়ার্কার্স পার্টি। পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী বৈঠকে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এ অভিমত ব্যক্ত করা হয়। বৈঠকে নেতারা বলেন, সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ধ্বংস করার বিশেষ উদ্দেশ্যে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছেন। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাৎ করার জন্য বিএনপি-জামায়াত নানাবিধ উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। বৈঠকে বলা হয়, গত তিন বছরে জনমনে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তাকে ভিত্তি করেই এখন ষড়যন্ত্র চলছে। বিশেষ করে গত তিন বছরে উচ্চ দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎসংকট, দলীয়করণ, দুর্নীতি-দুর্বৃত্তায়নের রাজনীতির ধারাবাহিকতা ও অর্থনীতির নাজুক পরিস্থিতিতে জনগণ ক্ষুব্ধ। এ অবস্থায় সব ক্ষেত্রে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া কর্তব্য। কিন্তু সরকার তা না করে অন্যের ওপর দোষ চাপিয়ে দায়িত্ব এড়াতে চাইছে। সভায় বলা হয়, এসবের পরিণাম হিসেবে দেশে বিএনপি-জামায়াত ও মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটলে দেশ ও জনগণের ভাগ্যে চরম বিপর্যয় ঘটবে। সভায় আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়। পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নূরুল হাসান, হাফিজুর রহমান ভূঁইয়া, শফিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।