বিএনপি-জামায়াত গণহত্যার প্রস্তুতি নিচ্ছে: আশরাফ
যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি ও জামায়াতে ইসলামী দেশকে ‘গৃহযুদ্ধের দিকে’ ঠেলে দিয়ে আবার ‘গণহত্যার’ প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আবার একটা গণহত্যার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমি বলব, জাতিকে সতর্ক থাকতে। সরকার সতর্ক আছে।’গতকাল শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘যতই চোরাগোপ্তা হামলা হোক না কেন, যতই ভয়ভীতি দেখানো হোক না কেন—আমরা সেটা মোকাবিলা করব। এই যুদ্ধাপরাধীদের পক্ষে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক শক্তি খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত ও বিএনপি।’যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া কেন বিলম্বিত হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচারে বিশ্বাস করে বলেই বিলম্ব হচ্ছে। জিয়াউর রহমানের আমলের মতো ক্যাঙারু কোর্ট হলে এত দিনে বিচার হয়ে যেত। চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় রায় দিতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।