বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞে মেতেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৫ বিশিষ্টজনের হাতে একুশে পদক তুলে দেন। ছবিতে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট ব্য​িক্তদের সঙ্গে প্রধানমন্ত্রী l ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৫ বিশিষ্টজনের হাতে একুশে পদক তুলে দেন। ছবিতে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট ব্য​িক্তদের সঙ্গে প্রধানমন্ত্রী l ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের অপরাধ কর্মকাণ্ড থেকে জাতিকে মুক্তি দিতে দেশের সচেতন জনগণের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০১৫ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘জামায়াত-বিএনপির সন্ত্রাস থেকে জাতিকে মুক্তি দিতে এবং বিশ্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে আমি দেশের সব সচেতন জনগণের সহায়তা চাই।’
প্রধানমন্ত্রী বলেন, বিগত ছয় বছরে দেশের অর্জিত উন্নয়নের ধারায় মানুষ এগিয়ে যাচ্ছে, সেবা পাচ্ছে এবং সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। তিনি বলেন, ‘কিন্তু এখন বিএনপি-জামায়াত চক্র ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। তারা জ্বালিয়ে-পুড়িয়ে মানুষের স্বপ্ন খান খান করে দিতে চায়। এটা কোন ধরনের রাজনীতি....? এটা রাজনীতি নয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষাসহ কোনো ক্ষেত্রেই দেশ এখন পিছিয়ে নেই। আমরা দেশ পরিচালনায় ব্যর্থ হলে তাদের আন্দোলনের যৌক্তিকতা থাকত। কিন্তু আমরা দেশ পরিচালনায় ব্যর্থ নই।’ তিনি বলেন, কিছু মানুষ তাঁকে ও বিএনপির চেয়ারপারসনকে এক কাতারে দাঁড় করাতে চায়। কিন্তু কেন এ অবিচার প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া মানুষ হত্যা করছেন এবং মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছেন। কিন্তু আমি মানুষের সেবা করছি এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তরা হলেন: ভাষা আন্দোলনে পিয়ারু সরদার (মরণোত্তর); মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবুর রহমান দেবদাস; ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা; শিল্পকলায় আবদুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত এবং এ টি এম শামসুজ্জামান; শিক্ষায় অধ্যাপক এম এ মান্নান ও সনৎ কুমার সাহা; গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া; সাংবাদিকতায় কামাল লোহানী; গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর; সমাজসেবায় ঝর্ণাধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক অরূপ রতন চৌধুরী। প্রত্যেককে এক লাখ টাকার চেক, একটি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই একুশে পদক প্রদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদে বিরোধীদলীয় নেত্রী, বিচারকগণ, সংসদ সদস্যরা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।