বিএনপি, জামায়াত নেতাসহ ১৩ জনের প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে মৌলভীবাজার পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী অলিউর রহমানের করা আপিল খারিজ হয়েছে। জেলার বড়লেখা পৌরসভায় হলফনামায় তথ্য গোপনের অভিযোগে জামায়াতে ইসলামী-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এই আদেশের বিরুদ্ধে ওই দুই প্রার্থী উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার মৌলভীবাজারের আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক এই রায় দেন। একই দিন সমর্থনকারীর সই ও ভোটার নম্বর না থাকায় বড়লেখায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোছাম্মাৎ রায়না বেগমের এবং ঋণখেলাপি হওয়ায় মৌলভীবাজারের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মশাহিদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া জেলার নয়জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর আপিল খারিজ করা হয়েছে।
আপিল কর্তৃপক্ষ ও প্রার্থী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী অলিউর রহমান মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের রসিদের কপি দাখিল না করার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। মনোনয়ন ফিরে পেতে তিনি মৌলভীবাজারের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেছিলেন। আপিল কর্তৃপক্ষ শুনানি শেষে তাঁর আবেদন খারিজ করে দেয়। বিএনপির প্রার্থী অলিউর রহমান বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাব।’
বড়লেখা পৌরসভায় মেয়র পদে জামায়াতে ইসলামী-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আনেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। কামরান চৌধুরী খিজির আহমদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন। আপিল কর্তৃপক্ষ শুনানি শেষে খিজির আহমদের মনোনয়ন বাতিল করেছে।খিজির আহমদ বলেন, ‘আমি ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে বিচারপ্রার্থী হব। আশা করছি প্রার্থিতা ফিরে পাব।’
একই পৌরসভায় সমর্থনকারীর সই ও ভোটার নম্বর না থাকায় রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোছাম্মাৎ রায়না বেগমের মনোনয়নপত্র বাতিল করেছেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানি শেষে রায়না বেগমের আপিল খারিজ করে কর্তৃপক্ষ। মেয়র পদে জেলার একমাত্র নারী প্রার্থী ছিলেন তিনি।
রায়না বেগম বলেন, ‘সামান্য কারণে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। চেয়েছিলাম নতুন প্রজন্মের জন্য কিছু করব। সে সুযোগ পেলাম না। নির্বাচনের শখ শেষ হয়ে গেছে।’