যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৯-দলীয় জোটের নেতা-কর্মীরা রয়েছেন চরম অস্বস্তিতে। কারণ, এই জোটের প্রধান দুই শরিক বিএনপি ও জামায়াত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৃথকভাবে প্রার্থী দিয়েছে। শেষ দিকে চেয়ারম্যান পদের ‘বিদ্রোহী’ প্রার্থী বসে যাওয়ায় স্বস্তি ফিরেছে আওয়ামী লীগে।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে উপজেলা কমিটির সভাপতি কাজী মাহমুদুল হাসানের দোয়াত-কলম প্রতীক ব্যালটে রয়ে গেছে। যদিও মাহমুদুল হাসান ইতিমধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমজাদ হোসেনকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে ভোট চাওয়া শুরু করেছেন। এ কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) উপজেলা সভাপতি আসাদুজ্জামান রয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত থেকে যশোর জেলা কমিটির মজলিশে শুরার সদস্য গাজী এনামুল হক, ভাইস চেয়ারম্যান পদে ফজলুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মাৎ গুলবদন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে উপজেলা কমিটির সভাপতি পৌরসভার মেয়র শহীদ ইকবাল হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কমিটির সহসভাপতি মো. মুসা। মুসার পক্ষের নেতা-কর্মীরা জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে ইকবাল হোসেনের পক্ষের লোকজন অভিযোগ করেছেন।
মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, মুসা দলীয় সমর্থন না পেয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করছেন। অভিযোগ অস্বীকার করে মো. মুসা বলেন, ‘আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি।’
গাজী এনামুল হক জানান, অতীতের বিষয় হলো, দেশের যেখানেই জামায়াত প্রার্থী দিয়েছে, সেখানেই বিএনপি প্রার্থী দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছিল মনিরামপুরে জামায়াতকে ছাড় দেওয়া হবে। কিন্তু যশোর জেলা কমিটি আন্তরিক নয় বলে মনিরামপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সমঝোতা হয়নি।
সাধারণ ভোটাররা জানান, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রার্থী দেওয়ায় লড়াই হবে ত্রিমুখী। তবে বিএনপি ও জামায়াতের ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কাল ১৫ মার্চ মনিরামপুর উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এখানে দুই লাখ ৮৬ হাজার ৪৭২ জন ভোটার ভোট দেবেন।