বিএনপি-জামায়াত ভাগাভাগি
কক্সবাজারের চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি (দুটি করে) করে নিয়েছে। গত বুধবার রাতে শহরের জামায়াত কার্যালয়ে চারদলীয় জোটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চারদলীয় জোটের ব্যানারে কক্সবাজার ও টেকনাফ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করবেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জামায়াত নেতা যথাক্রমে সরওয়ার কামাল ও মোহাম্মদ ইসমাইল। আর চকরিয়া ও মহেশখালী পৌরসভায় জোটের ব্যানারে মেয়র পদ পেয়েছে বিএনপি। চকরিয়া পৌরসভায় মেয়র পদে স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দারকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও মহেশখালী পৌরসভায় এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সেখানে বিএনপির প্রার্থী সংকট চলছে।জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী দুটি করে পৌরসভা ভাগাভাগির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি বড় দল হলেও ঐক্যের স্বার্থে শরিক দল জামায়াতকে ছাড় দেয়। শরিক অন্য দলগুলোও সমর্থিত এসব প্রার্থীদের পক্ষে কাজ করবে। শিগগিরই মহেশখালী পৌরসভায় জোটের মেয়র প্রার্থী ঘোষণা করা হবে। মহেশখালী পৌরসভায় মেয়র পদে বিএনপির সাবেক সাংসদ রশিদ মিয়ার ছেলে এম গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁকেই জোটের প্রার্থী ঘোষণা করা হতে পারে।