বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ নেতারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে না পেরে বিএনপি-জামায়াত জোট এখন যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। যতই ষড়যন্ত্র করা হোক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই।মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।গতকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে জাতীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা থাকলেও অসুস্থ থাকায় তিনি উপস্থিত ছিলেন না।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ। জিয়াকে পাকিস্তানের চর আখ্যায়িত করে তিনি প্রশ্ন রাখেন, মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্টে থেকে যুদ্ধাপরাধীদের সহযোগিতা করায় খালেদা জিয়ার বিচার হবে না কেন? তাঁরও বিচার হওয়া উচিত। সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৭৩ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (অ্যাক্ট) গণতান্ত্রিক, সাংবিধানিক ও আন্তর্জাতিক মানসম্মত আইন উল্লেখ করে বলেন, এটি খারাপ আইন হলে দুবার ক্ষমতায় থেকে খালেদা জিয়া কেন তা বাতিল করলেন না? যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় খালেদা জিয়া-নিজামীরা পেরেশানিতে আছেন। পাকিস্তানও তাঁদের পাশ থেকে সরে গেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশকে অবশ্যই কলঙ্কমুক্ত করা হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করে ছাড়েন। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবেই।সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, প্রতিবিপ্লবী ও স্বাধীনতাবিরোধীদের নেতা হচ্ছেন জিয়াউর রহমান। দেশের ৯৯ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। আর এ বিচার-প্রক্রিয়া বানচাল করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু যুদ্ধাপরাধীদের সব দরজা এখন বন্ধ।মোহাম্মদ নাসিম নব্য মুজিবকোটধারী সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার সময় অনেকের আওয়াজ উঁচু দেখা যায়, কিন্তু বিপদের সময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। এসব নব্য আওয়ামী লীগারকে ঠেকাতে হবে। কিছু আমলা আছে তারা নব্য আওয়ামী লীগার সেজে সরকারকে ব্যর্থ করতে চায়। এদের চিহ্নিত করতে হবে। সভায় আরও বক্তৃতা করেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ন, এ কে আজাদ চৌধুরী, মাহবুবল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন নূহ-উল-আলম লেনিন।মুজিবনগর দিবস পালিত: গতকাল সকালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, দলের সহযোগী সংগঠন এবং বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। মুজিবনগর দিবসের সব কর্মসূচিতে মূল অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, তাঁতী লীগ, ধানমন্ডি থানা আওয়ামী লীগ ও জাতীয় হিন্দু মৈত্রী পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।