সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত নীল প্যানেল ভোটের ফলাফলে এগিয়ে রয়েছে। আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতি পদে নীল প্যানেলের এ জে মোহাম্মদ আলী পেয়েছেন ১৫৬৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী আবদুল বাসেত মজুমদার পেয়েছেন ১২৪৯ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১৫৮৬ ভোট। প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের রবিউল আলম পেয়েছেন ১২৭৯ ভোট। গতকাল রাত দেড়টায় আইনজীবীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিন হাজার ভোট গণনা করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় দিন ভোট নেওয়া হয়।গতকাল রাতে নির্বাচন উপকমিটির আহবায়ক নূর হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মোট ভোট পড়েছে তিন হাজার ২০৩। রাত পৌনে নয়টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।’এবারের নির্বাচনে মোট ভোটার চার হাজার ৪৫। নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ জন এবং স্বতন্ত্র ছয়জনসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়েন ব্যারিস্টার নাজমুল হুদা ও মো. ইউনূস আলী আকন্দ।