বিএনপি-জামায়াত সমর্থিতদের ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সোনাইছড়ি বারআউলিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা মো. আযমের অবস্থার উন্নতি হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ কথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহেদ প্রথম আলোকে জানিয়েছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত সমর্থিতদের দুটি ঘরে আগুন দিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জামায়াত-সমর্থিত আবদুল কাদের। এতে তাঁর ও শাহজাহান নামে অপর একজনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফলে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তবে বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম শাহেদ বলেন, আযম আহত হওয়ার পর তাঁকে বাঁচানোর জন্য উপজেলা ছাত্রলীগের নেতারাসহ হাসপাতালে ব্যস্তছিলেন। কেউ এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান। তিনি প্রথম আলোকে, ‘শুনেছি ঘটনার পর দুর্বৃত্তরা দুটি ঘরে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।’ এদিকে ওই নেতা আহত হওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আযমকে (২২) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।