বিএনপি-জামায়াত হত্যা ছাড়া কিছু বোঝে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত এখন এতটাই বেপরোয়া যে তারা সবাই মিলে এখন আমাকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। সত্য কোনো দিন চাপা থাকে না। তারা যাদের সঙ্গে হাত মিলিয়েছে, তারা প্রতিনিয়তই ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা করে যাচ্ছে। বিএনপি-জামায়াত মানুষ হত্যা ছাড়া আর কিছুই বোঝে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে অবস্থান করার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ষড়যন্ত্রকারীদের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কুচক্রী ও ঘাতক চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের বিরুদ্ধেও তাদের ষড়যন্ত্র চলছে। তারা আসলে বাংলাদেশ চায় না এবং তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে অসংখ্য মানুষ হত্যা এবং সীমাহীন দুর্নীতি ও লুটতরাজ করেছে। এখনো তাদের সেই চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
দেশের সাম্প্রতিক কিছু গুপ্তহত্যা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘এখন তারা মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদরি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেছে বেছে খুন করছে। তিনি বলেন, তারা সম্প্রতি ইউএসএআইডির কর্মকর্তা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাজিনকে হত্যা করেছে এবং ঘটনাকে অতিরঞ্জিত করেছে।’ বিএনপি-জামায়াত মানুষ হত্যা ছাড়া আর কিছুই বোঝে না বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণা করে বলেন, ‘ছয় বছর প্রবাসে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনে দেশে ফিরে আসি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ, দলীয় নেতা-কর্মীরা আমাকে বিমানবন্দরে স্বাগত জানান। সেদিন দলীয় নেতা-কর্মীদের সাহস ও প্রেরণা ব্যতীত কোনো সম্পদ ছিল না।
জাতির পিতা ও পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ পরিবারের ভাগ্যাহত সদস্যদের স্মরণ করে এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগের নেতা-কর্মী, স্বাধীনতার পক্ষের শক্তি, বুদ্ধিজীবী ও দেশের সাধারণ জনগণকে তাঁর পরিবার এবং দলের দুঃসময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।