ড. কামাল হোসেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে জাসদের সভাপতি ও মহাজোটের সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, ‘আপনারা মহাজোটের ওপর রাগ করতে পারেন। কিন্তু বিএনপি-জামায়াতকে মাথায় তুলবেন না। মহাজোটের ভুলত্রুটি থাকলে সমালোচনা করুন। শুধরে দিন।’গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ইনু এ কথা বলেন। তিনি অন্য যাঁদের নাম উল্লেখ করেন, তাঁরা হলেন ফজলে হাসান আবেদ, রেহমান সোবহান, ব্যারিস্টার রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মুহম্মদ জাফর ইকবাল, বদরউদ্দিন উমর, মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, আনু মোহম্মদ।সরকারের সমালোচনা করে ইনু বলেন, সরকার ও প্রশাসনের সমন্বয়হীনতা এবং মন্ত্রী-উপদেষ্টাদের বাকচপলতা নিয়েও মানুষ হতাশ, বিরক্ত। মন্ত্রীরা এক রকম আর উপদেষ্টারা আরেক রকম কথা বলেন। এ যেন দোতলা বাস। একতলায় মন্ত্রীরা, দোতলায় উপদেষ্টারা। জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা বলেন, আমলাদের ওপর নির্ভর করে দেশ পরিচালিত হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণ করছে লুটেরা চক্র। কায়েমি স্বার্থবাদীদের লুটপাটে দেশ অস্থির।আলোচনায় আরও অংশ নেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, আবদুস শহীদ প্রমুখ।