বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের শিক্ষা কার্যক্রম বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন কর্মসূচি পালন করার সময় এক শিক্ষার্থীর কটূক্তির জের ধরে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ও সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর ইতিহাস বিভাগের হিমেল নামে এক শিক্ষার্থী শিক্ষকদের কটূক্তি করে বলেন ‘এখানে কেন? পাকিস্তানে গিয়ে মানববন্ধন কর’।
এর প্রতিবাদে মানববন্ধন না করে ওই শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ কর্মী দাবি করে তাঁর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে চলে যান শিক্ষকেরা। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছেও বিষয়টি অবহিত করেন শিক্ষকেরা। এরপরই তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।
‘বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক কে এম গোলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের এ ধরনের মন্তব্য করা একজন ছাত্রের পক্ষে কখনো কাম্য নয়। গত ১৬ ডিসেম্বরও আমাদের বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষককে লাঞ্ছিত করে ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা। আজও (শনিবার) একই কাণ্ড ঘটাল তাঁরা। তাদের সঙ্গে আমাদের কি সমস্যা। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রলীগ কর্মীর শাস্তি নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বর্জন করলাম।’
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন, ‘হিমেল ছাত্রলীগের কোনো পদে নেই। তবে প্রগতিশীল ছাত্র হিসেবে তাঁকে আমরা চিনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান বলেন, ‘শিক্ষকদের অভিযোগটি আমি পেয়েছি। দাপ্তরিক কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এ ব্যাপারে আজ কিছু করা গেল না। এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য মুহাম্মদ শামসুদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ন ম মুনির আহমদ, হামান মোহাম্মদ, মোজাফফর আহমদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।