সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা উপাচার্য বরাবর গতকাল সোমবার স্মারকলিপি দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এদিকে শিবিরের ধর্মঘট উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি বিভাগেই গতকাল ক্লাস হয়েছে। বাস চলাচল ও দাপ্তরিক কার্যক্রমও ছিল স্বাভাবিক। সেমিস্টার ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতি, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গঠিত একপেশে কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বিএনপি-জামায়াতপন্থী ৩৯ জন শিক্ষক স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, পুলিশি প্রহরায় বাস চলাচল করা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বদ্ধপরিকর। তাঁকে স্মারকলিপি দেওয়ার প্রয়োজন নেই। স্মারকলিপি যদি দিতেই হয় তবে যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের দেওয়া যেতে পারে।