বিএনপি- জামায়াতের অর্ধশত নেতা-কর্মী গ্রেপ্তার, তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ অক্টোবরের পর দেশে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় দেশজুড়ে ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে গ্রেপ্তার হয়েছেন প্রায় অর্ধশত ব্যক্তি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি, সংবাদদাতা ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর: 

নারায়ণগঞ্জ: জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতভর বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে খালেদা জিয়ার ছবি, বিভিন্ন ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।   

নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে মাসুকুল ইসলাম ছাড়াও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রুবাইয়াত রহমান, নগর কৃষক দলের নেতা সেলিম, রূপগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মজিবুর রহমান মোল্লা। রাত দেড়টার দিকে শহরের মাসদাইর এলাকায় তৈমুর আলম খন্দকার ও মাকসুদুল আলম খন্দকারের বাড়ি ঘিরে পুলিশ অভিযান চালায়। তবে এ সময় বাসায় তাঁরা কেউ ছিলেন না। তিনি আরও জানান, তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, ২৫ অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার রাতে পুলিশ রুহিতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য মো. হেলাল ও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল মিয়াকে আটক করে। একই রাতে বিএনপির নেতা ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. জুয়েল মোল্লা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকার্রম হোসেন সাজ্জাদের বাসায় পুলিশ অভিযান চালায়।

বাগেরহাট: মোরেলগঞ্জ উপজেলা জামায়াত ও শিবিরের আট কর্মী-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মাধবকাঠি ফাজিল মাদ্রাসার প্রভাষক মাহমুদুর রহমান ও তাঁর তিন ভাই যথাক্রমে গুলিশাখালী ফাজিল মাদ্রাসার প্রভাষক মঞ্জুরুল রহমান, মাসুদুর রহমান, রাজৈর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হাবিবুর রহমান। অন্যরা হলেন উত্তর সরালিয়া গ্রামের আসাদুর রহমান, ভাসানদল গ্রামের মো. মহিবুল্লাহ, হরতকিতলা গ্রামের সালাউদ্দিন খান এবং ঝালকাঠি সদর উপজেলার বেসাইনখান গ্রামের মো. হুমায়ুন কবীর।

ঝিনাইদহ: জেলার শৈলকুপা পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বিএনপির এ নেতাকে আটক করা হয়। তাঁর বাসা থেকে রামদা, ছোরা, ঢাল, সড়কি ও বল্লম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নে এটি সাজানো নাটক।

চাঁদপুর: কচুয়া উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধানকে গতকাল সকালে চাঁদপুর জেলগেট থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে গত এক মাসে তিনবার জামিন নিয়ে জেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে জেলগেটে গ্রেপ্তার করা হলো।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলা সদরের চরনিখলা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে সোমবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মিয়া ওরফে রাজ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম বলেন, নাশকতা এড়াতে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): সোমবার সন্ধ্যার পর থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর এলাকার আমির হোসেন চৌধুরী ও বাতিসা ইউনিয়নের কালিকসার এলাকার কাজী এয়াকুব আলী।