বিএনপি-জামায়াতের আট নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এদিকে একই দিন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপির এক ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান ও জামায়াতের ভৈরব শাখার সাবেক আমির সিরাজুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গতকাল সকালে তাঁরা আত্মসমর্পণ করলে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় এই পাঁচজন নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের ২৬ জানুয়ারি ও ১০ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় দুটি মামলা করে। ওই পাঁচজনই নাশকতার মামলার আসামি।
এদিকে জুড়ী উপজেলায় বিএনপির তিন নেতা গতকাল মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৫ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই তিন নেতা হলেন উপজেলার পূর্ব জুড়ী ইউপির নির্বাচনে বিএনপির প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক এবং মুক্তিযোদ্ধা দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর জায়ফরনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল কাইয়ুম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে বিএনপি ও জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মী উপজেলা সদরের একটি উচ্চবিদ্যালয়ের মাঠে গোপন বৈঠকে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীকে আটক করলে বৈঠকে অংশগ্রহণকারীরা পুলিশের ওপর হামলা করেন। এ ঘটনায় বিএনপিসহ জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে জুড়ী থানায় মামলা হয়। মতিউর, আইনুল ও কাইয়ুম এ মামলার এজাহারভুক্ত আসামি।