বিএনপি-জামায়াতের আন্দোলনে গত বছর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের কারণে এবং তাদের প্রতিহত করতে গিয়ে গত বছর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যুদ্ধাপরাধীদের বিচারের প্রভাব অর্থনীতির ওপর পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আজ সোমবার বিকেলে সাজেদা চৌধুরী এ কথা বলেন। সংসদ উপনেতা আরও বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে আসছে।
আলোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের প্রসঙ্গে বলেন, এটি সাংবিধানিকভাবে সমাধান হওয়া একটি বিষয়। রাষ্ট্রের এক অঙ্গের ওপর আরেক অঙ্গ অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বা হস্তক্ষেপ করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
সংলাপ প্রসঙ্গে দীপু মনি বলেন, এখন খালেদা জিয়া সংলাপের কথা বলছেন। কিন্তু তাঁকে বারবার আহ্বান জানানো হয়েছে। তিনি শান্তি ও সংলাপের বদলে সহিংসতার পথ বেছে নেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আগে নিজের, দলের ও সন্তানদের সংশোধন করুন। তারপর সংলাপ হবে।’
আলোচনায় অংশ নিয়ে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, বাংলার মানুষ গঙ্গার পানির ন্যায্য হিসাব পাচ্ছে। তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল চুক্তি সই না হলেও এই সরকারের সময়ে তা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোতাহের হোসেন বলেন, বাজেট নিয়ে সুশীল সমাজ আবোল-তাবোল বলছে। তাদের সঙ্গে বিএনপি-জামায়াত যোগ দিয়েছে।
উত্তরাঞ্চলে মঙ্গা নেই মর্মে কারও কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মোতাহার হোসেন বলেন, তাঁর জেলা লালমনিরহাটে কোনো শিল্প নেই। বিদেশিরা সেখানে যায় না। ওই জেলায় সব মিলিয়ে মাত্র ৪৮১ জন বিদেশে থাকে, রংপুর বিভাগজুড়ে ওই সংখ্যা ২ হাজার ২০০। তিনি উত্তরাঞ্চলের মানুষকে বিদেশে পাঠাতে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান।
কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়চিত্ত ও সবল নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে। একটি বড় রাজনৈতিক দল যতবার আন্দোলন করবে, ততবারই পরাজিত হবে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা বলেন, বাজেট বাস্তবায়ন করতে চাইলে বেপরোয়া আমলাতন্ত্রের লাগাম টেনে ধরতে হবে। সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম উল্লেখ না করে তিনি বলেন, তাঁর এলাকার কর্মকাণ্ডে একজন সাংসদ ‘উলঙ্গ হস্তক্ষেপ’ করছেন।
ইয়াহইয়া চৌধুরী বলেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি প্রশ্ন রাখেন, ইব্রাহিম খালেদের প্রতিবেদন অনুযায়ী শেয়ার কেলেঙ্কারির নায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা কোথায়?
বাজেটের ওপর সাধারণ আলোচনায় আরও অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সানোয়ার হোসেন, মনোরঞ্জন শীল, জেরিনা রহমান প্রমুখ।
বিকেলের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।