বিএনপি-জামায়াতের আমলে বনানীতে প্লট নিয়েছেন ৫৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক মন্ত্রী-সাংসদসহ ৫৫ জন বনানীতে সরকারি প্লট নিয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা মিথ্যা হলফনামা দিয়েছেন বা যাঁরা ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও প্লট বরাদ্দ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সংসদীয় উপকমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।জাতীয় সংসদে গতকাল নাজমা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এসব কথা জানান। তিনি জানান, বিগত সরকারের সময়ে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।ডেপুটি স্পিকার শওকত আলীসহ বেশ কয়েকজন সাংসদ এ সময় প্রতিমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করেন। নাজমা আক্তার, ফজলে রাব্বি মিয়া এবং এ কে এম রহমত উল্লাহ বলেন, তিন বছরে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বিষয়টি তদন্তের জন্য সংসদীয় উপকমিটি গঠিত হয়েছে, তাই আগেই মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকা মহানগরে রাজউকের অনুমোদনবহির্ভূত ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করা হয়েছে। এগুলোর তালিকা সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউকের আওতাধীন এলাকায় আইন লঙ্ঘন করে বেসরকারি হাউজিং প্রকল্পের বিজ্ঞাপন প্রচার করায় ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।