রাজশাহীতে পুলিশ হত্যা ও বিস্ফোরক বহনের মামলায় জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি শাহীন শওকত ও তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান এবং মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর। গত ২৬ ডিসেম্বর দুপুরে ১৮-দলীয় জোটের বিক্ষোভ শেষে ফেরার পথে নগরের লোকনাথ স্কুলের মোড়ের রাস্তায় পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নয়জন পুলিশ সদস্য আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের মৃত্যু হয়। ওই দিন রাতেই উপপরিদর্শক রফিকুল ইসলাম বিএনপি-জামায়াতের ৮৫ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৩৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে অপর একটি মামলা করেন।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুই মামলায় বিএনপি-জামায়াতের নেতারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত রোববার তাঁদের আদালতে হাজির হওয়ার কথা ছিল। ওই দিন আদালত বন্ধ থাকায় তাঁরা গতকাল হাজির হয়ে জামিনের আবেদন করেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি একই মামলায় মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৩৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়।