বিএনপি-জামায়াতের আরও ১৫৯ নেতা-কর্মী গ্রেপ্তার
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঢাকায় গতকাল সোমবারের গণসমাবেশ সামনে রেখে সারা দেশে পুলিশের ধরপাকড় গতকালও অব্যাহত ছিল। গত রোববার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত সাতক্ষীরা, রাজবাড়ী, কুষ্টিয়া, নোয়াখালী ও গাজীপুরে বিএনপি, জামায়াত ও এর অঙ্গসংগঠনের ১৫৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানে সাড়ে ৫০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: রোববার রাত ১০টার দিকে শহরের শহীদ কাজল সরণিতে ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন: জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুস সোহবান, সেক্রেটারি আবদুল আজিজ, জেলা ইসলামী লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জামসেদ আলী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মো. আসাদুজ্জামান, সেক্রেটারি নূর মোহাম্মদ। গাজীপুর: রোববার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং জামায়াত-শিবিরের ৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ১৪ জন, কাপাসিয়ায় ১১, কালীগঞ্জে দুই, গাজীপুর সদরে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদসহ ১৮, টঙ্গীতে ১৭ এবং কালিয়াকৈরে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা এবং হরতালে বাস ভাঙচুরসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অভিযোগ রয়েছে। পুলিশ গতকাল আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর কারাগারে পাঠিয়েছে।রাজবাড়ী: রোববার রাতে জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা থেকে আটজন, পাংশা থেকে চার এবং বালিয়াকান্দি থেকে তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। কুষ্টিয়া: রোববার রাতে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জেলা জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, জামায়াতের নেতা-কর্মীদের একটি দল নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন আগের একটি মামলায় ও অন্য ছয়জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নোয়াখালী: জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, রোববার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার সব উপজেলায় একযোগে অভিযান চালায় পুলিশ। এ সময় বেগমগঞ্জ, সুধারাম, সেনবাগ, সুবর্ণচরের চরজব্বার, সোনাইমুড়ী ও চাটখিল থানায় তিনজন করে এবং কবিরহাট থানায় একজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৮ জন বিএনপির ও একজন জামায়াতের কর্মী। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী ১৯ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে এ অভিযানের কোনো সম্পর্ক নেই। এটি মাসিক নিয়মিত বিশেষ অভিযান। গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকেই মামলার আসামি।