বিএনপি-জামায়াতের আরও ১৫৯ নেতা কর্মী গ্রেপ্তার
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঢাকায় গতকাল সোমবারের গণসমাবেশ সামনে রেখে গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত সাতক্ষীরা, রাজবাড়ী, কুষ্টিয়া, নোয়াখালী ও গাজীপুরে বিএনপি, জামায়াত ও এর অঙ্গসংগঠনের ১৫৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানে সাড়ে ৫০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: রোববার রাত ১০টার দিকে শহরের শহীদ কাজল সরণিতে ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর: রোববার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং জামায়াত-শিবিরের ৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ১৪ জন, কাপাসিয়ায় ১১, কালীগঞ্জে দুই, গাজীপুর সদরে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদসহ ১৮, টঙ্গীতে ১৭ এবং কালিয়াকৈরে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা এবং হরতালে বাস ভাঙচুরসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অভিযোগ রয়েছে।রাজবাড়ী: রোববার রাতে জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়া: রোববার রাতে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জেলা জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।নোয়াখালী: বেগমগঞ্জ, সুধারাম, সেনবাগ, সুবর্ণচরের চরজব্বার, সোনাইমুড়ী ও চাটখিল থানায় তিনজন করে এবং কবিরহাট থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।