১৫ মার্চ দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক প্রার্থী নিয়ে আওয়ামী লীগ রয়েছে অনেকটাই সুবিধাজনক অবস্থানে। অপরদিকে ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী রয়েছেন চারজন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি সদর উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ২৫ ফেব্রুয়ারি তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজনূর রহমান শাহ্ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, বিএনপির সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান এবং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি।
জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, সদর উপজেলায় চেয়ারম্যান পদে কাগজেকলমে দলের তিনজন প্রার্থী থাকলেও মোকাররম হোসেনই দল-সমর্থিত প্রার্থী।
বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, কেন্দ্রীয় নীতিনির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী নাজনূর রহমান শাহ্ চৌধুরী ও আখতারুজ্জামান নির্বাচন থেকে সরে এসে মোকাররম হোসেনের সঙ্গে কাজ করছেন। নাজনূর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাঁর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে আখতারুজ্জামানের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফরিদুল ইসলাম বলেন, দলের দুজন প্রার্থী থাকায় গত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি হেরে গিয়েছিলেন। এবার দল অনেক বেশি সংগঠিত। এবার তিনিই বিজয়ী হবেন।
জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী আহমেদ শফিও তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী মোকাররম হোসেন বলেন, দলের মধ্যে ইতিমধ্যেই সমঝোতা হয়েছে। জামায়াতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে। শিগগির জোট থেকে একক প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে।
তবে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমান বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, জেলা বিএনপি ও তাদের প্রার্থী জামায়াত প্রার্থীর সম্পর্কে অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দিয়ে জামায়াত তাদের প্রকৃত জনপ্রিয়তা প্রমাণ করতে চায়। কাজেই দিনাজপুর জেলা বিএনপি বা মোকাররম হোসেনের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।