সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর বিএনপি-জামায়াতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে জোটের শরিক ধর্মভিত্তিক অন্য দলগুলো। দলগুলোর নেতারা বলছেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে মামলাটির নিষ্পত্তি করা হলে আজকের এই অবস্থা নাও হতে পারত। কারণ, সে ক্ষেত্রে সরকার পক্ষভুক্ত হয়ে যুক্তিতর্ক দিতে পারত। কিন্তু বর্তমান সরকার ওই রায়ের বিপক্ষে অবস্থান নেয়নি। ফলে এ ধরনের রায় এসেছে।জোটের শরিক দলের নেতারা অভিযোগ করেছেন, মামলাটির বিষয়ে বিএনপি-জামায়াত সরকার চরম উদাসীনতা দেখিয়েছিল। তখন জোটে থাকলেও সরকার পরিচালনায় তাঁদের কোনো অংশীদারি ছিল না। ফলে আজ যা হচ্ছে, তার দায় বিএনপি-জামায়াতের। সম্প্রতি চারদলীয় জোটের নেতাদের বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বিষয়টি বলা হয়েছে।বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন। তখন বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল। রায় ঘোষণার দিন রাতেই সরকার রায় স্থগিতের আবেদন করলে তা স্থগিত হয়ে যায়। এরপর লিভ টু আপিল করলেও শুনানির উদ্যোগ নেয়নি তৎকালীন সরকার। বর্তমান সরকার সেই লিভ টু আপিল প্রত্যাহার করে নেয়। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই মামলার পক্ষভুক্ত হওয়ার জন্য লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) করেন। আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন। গত ২৭ জুলাই আপিল বিভাগের রায় দানকারী বিচারপতিরা পূর্ণাঙ্গ রায়ে সই করেন। এই রায়ের পর ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, এ বিষয়টি সামনে চলে আসে।শরিক দলের নেতারা যা বলছেন: ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আবদুর রকিব প্রথম আলোকে বলেন, ‘জোট সরকার লিভ টু আপিল করে রেখে দিল। শুনানির কোনো ব্যবস্থা করল না। বর্তমান সরকার এ জন্য একটি সুযোগ পেয়ে গেল। জোট সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলরা এই মামলার গুরুত্ব বুঝেও বুঝেননি। বিএনপির খামখেয়ালির জন্য এখন আমাদের নিষিদ্ধ হওয়ার উপক্রম হয়েছে।’আবদুর রকিব বলেন, ‘জিয়াউর রহমানের সময় মাওলানা সিদ্দিক আহমেদের নেতৃত্বে আমরা অনেক পরিশ্রম করে এ বিষয়ে অনেক কাজ করেছিলাম। আমাদের সব পরিশ্রম নষ্ট হয়ে গেছে চারদলের সরকারের সময়।’ ইসলামী ঐক্যজোটের একটি সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই চারদলীয় জোটের এক বৈঠকে তাদের দলের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে খালেদা জিয়া এ নিয়ে কোনো কথা বলেননি। জানতে চাইলে মাওলানা নেজামী প্রথম আলোকে বলেন, ‘ওটার কথা প্রসঙ্গে এসেছিল। আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।’ খালেদা জিয়া জবাবে কী বলেছেন—জানতে চাইলে মাওলানা নেজামী বলেন, ‘ম্যাডাম কিছু বলেননি। এসব বৈঠকে নেতারা যাঁর যাঁর কথা বলেন, শেষে তিনি একবারে সব কথা বলেন। তবে এই বিষয় নিয়ে কিছু বলেননি।’ জোটের শরিক মাওলানা মো. ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের নেতারাও বিএনপি-জামায়াতের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, সরকার পরিচালনা করেছে বিএনপি-জামায়াত। কাজেই সব দায় এই দুই দলের। মুঠোফোনে জোট সরকার আমলের অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে ফোনে কথা বলি না।’ এসে কথা বলার জন্য সময় চাইলে তিনি বলেন, ‘না, এ সপ্তাহে আমি ব্যস্ত থাকব।’