
দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে সরকার-সমর্থক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
নোয়াখালীতে সহিংসতার ঘটনায় সুধারাম (সদর) থানার পুলিশ বাদী হয়ে গতকাল শনিবার পৃথক তিনটি মামলা করেছে। এর মধ্যে দ্রুত বিচার আইনে করা মামলাটিতে ৬৫ জন এবং পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় ৫৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন-চার হাজার ব্যক্তিকে।
শুক্রবার নোয়াখালীতে ১৮-দলীয় জোটের মিছিল থেকে দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল ব্যবসায়ীরা ধর্মঘট পালন ও সড়ক অবরোধ করেন।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৮-দলীয় জোটের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেকের নামে মামলা হয়েছে। কলমাকান্দা থানার এসআই দেওয়ান আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় ১৮-দলীয় জোট ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক ছয়টি মামলা হয়েছে। কোতোয়ালি থানায় পুলিশের দায়ের করা মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর কাউখালী থানায় দায়ের করা হয়েছে চারটি মামলা। এর প্রতিটিতে ৩০ থেকে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকায় সহকারী পুলিশ সুপারের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের অজ্ঞাতনামা সাড়ে চার হাজার নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। দেবহাটা থানার এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও ১৮-দলীয় জোটের সংঘর্ষে পুলিশের ছয়জন সদস্য আহত হওয়ার ঘটনায় বাউফল থানার এসআই মো. আবুল বাদী হয়ে ৬৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। গ্রেপ্তার হয়েছেন তিনজন।
কক্সবাজারের চকরিয়ায় বিজিবি ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ও ছাত্রদলের কর্মী মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক চারটি মামলা করেছে। এসব মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা না করা প্রসঙ্গে নিহত সাইফুল ইসলামের বাবা মোকতার আহমদ বলেন, ‘থানায় মামলা করে কোনো লাভ হবে না, তাই এজাহার দিইনি।’ নিহত মিজানুরের মা নুরুজ্জাহান বেগম বলেন, ‘আমরা কার বিরুদ্ধে মামলা করব?’
পাবনার ঈশ্বরদীতে পুলিশের ওপর হামলা, বোমা বিস্ফোরণ ও সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৯ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
ময়মনসিংহ সদরে সংঘর্ষের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় হাজার ব্যক্তির নামে মামলা করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলার গফরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায়ও মামলা হয়েছে। গফরগাঁও থানার পুলিশ বাদী হয়ে বিএনপির ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা এক হাজার ২০০ ব্যক্তির নামে মামলাটি করেছে। অন্যদিকে পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য পরিবহনের অভিযোগে বিএনপির ৪৬ জনের নামে মামলা করেছে গৌরীপুর থানার পুলিশ।
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে গত বৃহস্পতিবার ১৮-দলীয় জোটের মিছিল থেকে দোকান ভাঙচুরের ঘটনায় জোটের ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জামায়াতের দুজনকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকা থেকে বাঁশের লাঠি ও ককটেল উদ্ধারের ঘটনায় শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লালসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ মুরাদনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এ কে এম সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মো. ইলিয়াছকে প্রধান আসামি করে ৬৯ জনের নাম উল্লেখ করে প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন আওয়ামী লীগের কর্মী মো. শাহিন।
হরতালের সমর্থনে গতকাল বিকেলে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পুলিশ মিছিল থেকে বিএনপির ৩০ কর্মীকে আটক করেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরেও হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। পুলিশ চারজনকে আটক করেছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়ন বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীর নামে দুটি মামলা হয়েছে। চাঁদা দাবির অভিযোগে কলাপাড়া থানায় মামলা দুটি করেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হাওলাদার ও যুবলীগের নেতা আবদুস সালাম গাজী।
উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপির নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর কক্সবাজার, সিরাজগঞ্জ, কুমিল্লা ও রাঙামাটির নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী, বরিশাল ও ময়মনসিংহ অফিস এবং নেত্রকোনা, পঞ্চগড়, কলাপাড়া (পটুয়াখালী), বাউফল (পটুয়াখালী), চকরিয়া (কক্সবাজার) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]।