বিএনপি-জামায়াতের চার তবু 'আ.লীগ প্রার্থীর' হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের নেতা-কর্মীরা তাঁকে সমর্থন দেননি। জাতীয় পার্টি থেকে আসায় নেতা-কর্মীদের মধ্যে তেমন পরিচিতিও ছিল না। ছিল দলীয় কোন্দল। এসব কারণে বিএনপির তিনজন প্রার্থী থাকা সত্ত্বেও রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী।
জানা গেছে, নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী ৪৩ হাজার ৮৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ৩৫ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।
স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তৃণমূলের মতামত উপেক্ষা করে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলমকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী জিন্নাত আলীকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলা নির্বাচনে দলের প্রার্থীর পরাজয়ের কারণ এভাবে মূল্যায়ন করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজিজুল আলম অভিযোগ করেন, নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মন্ত্রীর ওপরে তাঁদের রাগ আছে। তাই তাঁরা জামায়াতকে ভোট দিয়ে মন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন। মন্ত্রীর ওপর কী রাগ আছে—জানতে চাইলে তিনি বলেন, অনেক রাগ আছে। নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে রাগ আছে। বাঘা উপজেলা আওয়ামী লীগ পৌর মেয়র আক্কাস এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিনের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত। এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করার জন্য গত ২৭ জানুয়ারি তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে বসেছিলেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। সেখানে এক পক্ষ লায়েব উদ্দিনের নাম প্রস্তাব করেছে। আরেক দল উঠে আক্কাসের নাম প্রস্তাব করেছে। প্রার্থী নির্ধারণ নিয়ে আবারও গত ১ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীর বাড়িতে বৈঠক বসে। এতে লায়েব উদ্দিন ছিলেন। ওই বৈঠকে সবাই মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করার বিষয়ে সমর্থন দেন। লায়েব উদ্দিন দাবি করেন, তিনি ওই সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর (আজিজুল আলম) পক্ষে কাজ করেছেন। তাঁর এলাকার কেন্দ্রগুলোতে দলীয় প্রার্থী বেশি ভোট পেয়েছেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আমানুল হাসান বলেন, আজিজুল আলম সারা জীবন জাতীয় পার্টি করেছেন। ওই দল থেকেই উপজেলা ও সংসদ নির্বাচন করেছেন। মানুষ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাঁকে মেনেই নেয়নি। প্রতিমন্ত্রী মহোদয়ের একগুঁয়েমির কারণে চেয়ারম্যানসহ পুরো প্যানেলই হেরেছে। একই কথা বলেছেন উপজেলার চাকিপাড়া গ্রামের আওয়ামী লীগের সমর্থক ফারুক হোসেন। তিনি বলেন, তাঁরা শুনেছেন, আজিজুল আলম জাতীয় পার্টি করেন। কবে তিনি আওয়ামী লীগে এসেছেন, তাঁরা জানেন না। মন্ত্রী তাঁকে ধরে এনে প্রার্থী করলেই কি আর মানুষ ভোট দেবে?’
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তিনি মনে করেন না যে তাঁর প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত ভুল ছিল। প্রার্থী বাঘা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। জেলা কমিটির কোষাধ্যক্ষ। তৃণমূল তাঁকে (প্রতিমন্ত্রী) দায়িত্ব দিয়েছিল। প্রার্থী নির্ধারণের সময় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, তাঁরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হেরেছেন। গত দুটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে এই আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। তা ছাড়া জাতীয় পার্টিকে নির্বাচনে সম্পৃক্ত করা হয়নি। তাঁদের পরিকল্পনায় ভুল ছিল। তা ছাড়া মন্ত্রী হওয়ার কারণে তিনি মাঠে নামতে পারেননি। এ কারণে সমস্যা হয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজিজুল আলম দাবি করেন, দশম জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ভোট। আর দলের ‘বিদ্রোহী’ প্রার্থী পেয়েছেন ১১ হাজার ভোট। এই মুহূর্তে বাঘায় আওয়ামী লীগের ৫১ হাজার ভোট রয়েছে। কিন্তু তিনি উপজেলা নির্বাচনে ৩৬ হাজার ভোট পেয়েছেন। বাকি ভোট তাঁরা (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) জামায়াতকে দিয়েছেন।