বিএনপি-জামায়াতের চার নেতার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি শামসুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল মঙ্গলবার হাজির হয়ে তাঁদের পক্ষে জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, ২৩ এপ্রিল হরতাল চলাকালে উপজেলা কমপ্লেক্সে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল ধর বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই চারজন ছাড়াও ১৩৩ জনকে আসামি করা হয়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে থাকা আসামিদের মধ্যে ওই চারজনের জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তাঁরা আদালতে হাজির হন। তাঁদের পক্ষে আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।