বিএনপি-জামায়াতের জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ও শিবিরের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী আন্দোলনের নামে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সম্পত্তির ওপর নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ও নাশকতা চালিয়েছে। তাদের সম্পর্কে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে তাঁর সরকার কঠোর হাতে দমন করেছে। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত-শিবির ও তাদের দোসররা আর যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেদিকে আনসারসহ প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণকে আরও সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দেশের মাটিকে জঙ্গি ও সন্ত্রাসবাদের খেলার মাঠ হতে দেওয়া হবে না।
শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি-জামায়াত) নির্মম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল ট্রেন ও রেললাইন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেলের নাশকতা রোধে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। নির্বাচনেও আনসার বাহিনী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
আনসার বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় আনসার বাহিনীর উন্নয়ন ও কল্যাণমূলক কাজ করেছে। ’৯৬-এর সরকারের সময় এ বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। ব্যাটালিয়ন আনসারদের চাকরি ১৫ বছর থেকে কমিয়ে নয় বছর পূর্ণ হলে চাকরি স্থায়ী করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ১৩ হাজার ৯৭ জনের চাকরি স্থায়ী করা হয়েছে। তাঁদের মূল বেতনের ৩০ শতাংশ হারে ঝুঁকি ভাতা ও মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে। উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। টাইম স্কেল, বিশেষ বিবেচনায় দুটি বার্ষিক বর্ধিত বেতন ও রেশন ভাড়া ৫০ থেকে ৮০ টাকায় উন্নীত করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লাখ ও গুরুতর আহত হলে এক লাখ টাকার আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাটালিয়ন আনসারদের পারিবারিক রেশনের ব্যবস্থা করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, একটি নতুন ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাটালিয়ন আনসার সদস্যরা এখন সব বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সফিপুর আনসার একাডেমিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন তাঁকে স্বাগত জানান। তিনি খোলা জিপে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং আনসার সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরত্বপূর্ণ, সেবামূলকসহ চারটি ক্যাটাগরিতে আনসার ও ভিডিপির ৮০ জন সদস্যকে পদক প্রদান করেন শেখ হাসিনা।