বিএনপি-জামায়াতের দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চার জেলায় বিএনপি ও জামায়াতের প্রায় দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদের মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকায় ৩৮ জন ও অজ্ঞাতনামা ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া নীলফামারীতে ৬৬ জন ও অজ্ঞাতনামা ৫০০, সীতাকুণ্ডে ৪৪ জন ও অজ্ঞাতনামা ৪০০ এবং ঈশ্বরদীতে ৩৯ জন ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার এসব এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশের ওপর হামলা ও সম্পদের ক্ষতি করার অভিযোগে এসব মামলা করা হয়েছে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকায় বিএনপি-জামায়াতের ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৩৮ জন নেতা-কর্মীর নামে মামলা করা হয়। তাঁদের মধ্যে উপজেলা শিবিরের সভাপতি মো. মিরন, বিএনপি নেতা আবদুর রহিম ও দরবেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু তাহের রয়েছেন। শুক্রবার বিকেলে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী আজ শনিবার সকালে ওই মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

নীলফামারী
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরে র্যাব-পুলিশের সঙ্গে গতকাল জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রাতে জলঢাকা থানার এসআই কার্তিক মোহন্ত ওই মামলা করেন। মামলায় নামে ৬৬ জনকে ও অজ্ঞাতনামা ৫০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে জলঢাকা উপজেলা জামায়াতের আমির আবদুল গণি এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ পাঁচজন রয়েছেন। এ পর্যন্ত ওই মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শুকলাল হাট এলাকায় গতকাল বিএনপি-জামায়াতের হামলায় পাঁচ পুলিশসহ যুবলীগের ১৫ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় পুলিশ ৪৪ জন ও অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। আসামিরা সবাই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াছ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের ওপর হামলা, বোমা বিস্ফোরণ ও সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে জেলা বিএনপি ও জামায়াতের ৩৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গতকাল রাতে ঈশ্বরদী থানায় এসব অভিযোগে মামলা করে। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, আসামিদের মধ্যে ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা ও ঈশ্বরদী উপজেলা আমির গোলাম রব্বানী জুবায়ের খাঁ রয়েছেন। গতকাল রাতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।