চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের একজন নেতার ওপর হামলার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৬৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি ও স্থানীয় বিএনপির কর্মী মো. জাকির হোসেনকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। মো. শরীফ নামের অপর এক আসামিকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী উপজেলা কমিটির শুরা সদস্য আবু জাফর। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন দ্রুত বিচার আইনে গত বৃহস্পতিবার ওই মামলা করে। এজাহারে ৫৪ জন আসামির নাম উল্লেখ করা হয় এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে বলা হয়, কবির হোসেনের সঙ্গে ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মো. হুমায়ুনের গত বুধবার বাগিবতণ্ডা হয়। ঘটনাটি একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হন। কবির হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।