বিএনপি-জামায়াতের পলাতক ৪৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রল বোমা হামলায় নিহত পান ব্যবসায়ী গণেশ দাস হত্যা মামলায় সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের পলাতক ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোরশেদ আলম এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান ও রাশেদুল হাসান, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মুন্সি আলম ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে পেট্রল বোমা হামলায় নিহত হন পান ব্যবসায়ী গণেশ দাস। এই অভিযোগে বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, যুবদলের ১২৯ নেতা কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিএনপি-জামায়াতের ১৩০ জনের নাম উল্লেখ করে ২০১৬ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিপক্ষের আইনজীবী ইন্দ্রজিত সাহা বলেন, আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওই আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

বর্তমানে আসামিদের মধ্যে তিনজন কারাগারে ও ৮৩জন জামিনে আছেন। বাকিরা পলাতক।