সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা এম মোরশেদ খান বলেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যে মন্তব্য করেছেন, তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হবে না।বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান গতকাল শুক্রবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘মনমোহন সিংকে আমি ব্যক্তিগতভাবে জানি। তিনি আর দশজন রাজনীতিবিদের মতো নন। বরং অনেকটা স্পষ্টবাদী মানুষ। আমার মনে হয়, গোয়েন্দা সংস্থা বা কোনো স্বার্থান্বেষী মহল বাংলাদেশ নিয়ে তাঁকে ভুল বুঝিয়েছে।’মোরশেদ খান বলেন, মনমোহন সিংয়ের মতো একজন ব্যক্তির মুখ থেকে এই বক্তব্য বাংলাদেশের জন্য খুবই হতাশার। আর তিনি এই মন্তব্য এমন সময় করলেন যখন কিনা বাংলাদেশের সংসদে সংবিধান সংশোধন করা হয়েছে। বিএনপির নেতা আরও বলেন, ‘বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ জামায়াতের সমর্থক বলে মনমোহন যে মন্তব্য করেছেন, তাতে জামায়াতের নেতারা অবশ্যই খুশি হবেন। কিন্তু এই সংখ্যা মনমোহন কোথায় পেলেন? আর তিনি কীভাবে জানলেন জামায়াতের সমর্থক সবাই ভারতবিদ্বেষী?’ জামায়াত: জামায়াতে ইসলামী বলেছে, ভারতের গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তাদের সম্পর্কে বিভ্রান্ত করেছে। বাংলাদেশের এ দলটি সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত এ কথা বলেছে।গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মনমোহন সিংকে ‘শুধু গোয়েন্দা সংস্থা ও বিদেশ বিভাগের ওপর নির্ভর না করে’ প্রকৃত অবস্থা বিবেচনা করার আহ্বান জানান।ভারতের প্রধানমন্ত্রী গত বুধবার নয়াদিল্লিতে সম্পাদকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলার পাশাপাশি বলেন, ‘...সেখানকার ২৫ শতাংশ মানুষ জামায়াতের সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী। তাদের ঘিরে বিভিন্ন সময় আইএসআই নানা রকম চক্রান্ত করছে।’আইএসআই (পুরো নাম ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা। পাশ্চাত্য ও ভারতসহ বিভিন্ন মহলের অভিযোগ, এ সংস্থাটির একটি অংশ জঙ্গিবাদে মদদ দিয়ে থাকে।এ টি এম আজহার মনমোহন সিংয়ের মন্তব্য ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন। প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াত আইএসআই কিংবা অন্য কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার পরামর্শে কাজ করেনি বা করে না। সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন জামায়াতের বৈদেশিক নীতির একটি মূলনীতি বলেও উল্লেখ করেন আজহার।