আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের মদদেই এ দেশে হত্যার রাজনীতি চলছে। সেই ধারাবাহিকতায় ২০০০ সালে আট ছাত্রলীগ নেতাকে হত্যা করেছিল শিবির। চট্টগ্রামে শিবিরের ব্রাশফায়ারে আট ছাত্রলীগ নেতা-কর্মীর হত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সভায় মাহবুবুল আলম এ কথা বলেন। ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামে শিবিরের হামলায় ওই ছাত্রলীগ নেতারা মারা গিয়েছিলেন। দিনটিকে স্মরণ করে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, শাহজাদা মহিউদ্দীন চৌধুরী, জহিরুদ্দিন লিপ্টন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী প্রমুখ।