বিএনপি-জামায়াতের সংখ্যাগরিষ্ঠতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০ টি পদে বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয়লাভ করেছে। সাধারণ সম্পাদকসহ দুটি পদে জয়ী হয়েছে বাম সমর্থিত সমমনা আইনজীবী সংসদ। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাতটি পদে জয়লাভ করে। 

এই নির্বাচনে ১৯ টি পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বুধবার রাত একটার দিকে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সমিতির মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে তিন হাজার ৪৩০ জন ভোটারের মধ্যে দুই হাজার ৮২৮ জন ভোটার ভোট দেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে সমন্বয় পরিষদের নেতা অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে সমন্বয়ের কেন ভরাডুবি হয়েছে তা নিজেরা বসে দোষ ত্রুটিগুলো চিহ্নিত করা হবে। এগুলো শুধরে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হবে।’
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলে উল্লেখ রয়েছে, সভাপতি পদে বিএনপি জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদের মো. কফিল উদ্দিন চৌধুরী এক হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী রতন কুমার রায় পেয়েছেন ৯০৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে বাম সমর্থিত এস এম জাহেদ বীরু এক হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম সমন্বয় পরিষদের মোহাম্মদ আবু হানিফ ৮১৬ ভোট পেয়েছেন।
নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে সমন্বয় পরিষদের মুজিবুর রহমান চৌধুরী, সহসভাপতি পদে ঐক্য পরিষদের এইচ এস আবুল হাসান এবং সহসাধারণ সম্পাদক পদে সমমনার মোহাম্মদ রাসেল বিজয়ী হয়েছেন।
অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ সাইফুদ্দিন, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের ফজলুল বারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের দুলাল চন্দ্র দেবনাথ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের রায়হান সালেহীন জয়ী হন।
এ ছাড়া নির্বাহী সদস্যের ১০ টি পদে বিজয়ী হন ঐক্য পরিষদের মিনহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাছির উদ্দিন আহম্মদ খান, রাশেদুল ইসলাম চৌধুরী ও শফিকুল আলম এবং সমন্বয়ের আজহারুল হক, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, রুবেল কুমার দেব ও শুভাশীষ শর্মা।