বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই মামলা
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এবং পুলিশ সদস্যদের বহনকারী ভাড়া বাসের চালক দুলাল মিয়া মামলা দুটি করেন। পুলিশের দায়ের করা মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে বাসচালক দুলালের মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। অধিকাংশ আসামিই জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মী।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, আসামিদের মধ্যে জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, আবদুল কাদের, আবদুর রাজ্জাক, খোরশেদ আলমকে সংঘর্ষের সময় গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, বুধবার বিকেলে নারায়ণগঞ্জে ১৮ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসা ছাত্রশিবিরের একটি মিছিলে বাধা দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরে বিএনপিসহ ১৮ দলীয় জোটের অন্যান্য দলের নেতা-কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশ, বিএনপি ও শিবিরের নেতা-কর্মী, সাধারণ পথচারীসহ ৫০ জন আহত হন।