বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। বিএনপি-জামায়াতের ছত্রচ্ছায়ায় যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড বা হত্যাকাণ্ডেরা ঘটনা ঘটেছে, সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতারা যদি মনে করেন হত্যা খুন, জঙ্গি তত্পরতা, পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে আমরা দেখব না, আইনশৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে রাখবে, এমন হতে পারে না।’
বিএনপির উদ্দেশ্যে হাসানুল হক বলেন, ‘সন্ত্রাসী, জঙ্গিবাদী তত্পরতা ও আগুন দিয়ে মানুষ মারা বন্ধ করলে পুলিশ আপনাদের ওই গুন্ডা, সন্ত্রাসী, জঙ্গিদের নিয়ে মাথা ঘামাবে না।’
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান কামারুল আরেফিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।