নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে গত শনিবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। এঁদের মধ্যে সদর থানায় একজন, কোম্পানীগঞ্জ থানায় ১৩ জন এবং সেনবাগ থানায় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির চারজন, জামায়াত-শিবিরের ১১ জন রয়েছেন। এঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে। এ নিয়ে গত দুই দিনে পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে আটক ব্যক্তিদের গতকাল রোববার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান। জানতে চাইলে অভিযানের কথা নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও মামলার আসামিদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।