অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরায় ১৭ জনের নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন দুজন বর্তমান ও একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা জামায়াতের সেক্রেটারি ও একজন সাংবাদিক।
৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানায় মামলাটি করা হয়েছে। এর আগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন উপপরিদর্শক আসাদুল ইসলাম ২০১৩ সালের ২৭ নভেম্বর মামলাটি করার জন্য জেলা পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে মামলা করার অনুমতি দিলে ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিশ্বাস বাদী হয়ে মামলাটি রুজু করেন। আর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক আবুল কাসেমকে।
মামলায় নাম উল্লেখ থাকা ১৭ জন হলেন: আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রউফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, সদর উপজেলা সহসভাপতি ও ফিংড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা, জেলা নায়েবে আমির রফিকুল ইসলাম, পলাশপোল এলাকার আলতাফ হোসেন, সদর উপজেলার বৈকারি ইউপি চেয়ারম্যান শহীদ হাসান, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাংসদ ও জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডলের ছেলে বুলবুল হোসেন, জেলা জাসাসের সেক্রেটারি এখলেছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর্জেদ আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান, জেলা জামায়াতের সদস্য মুকুল হোসেন, পৌর আমির মো. ওবায়দুল্লাহ, শহর উপকণ্ঠের মিলবাজার এলাকার জামায়াতের কর্মী জামসেদ আলী, কামালনগর মহিলা মাদ্রাসার শিক্ষক ও দৈনিক সংগ্রাম-এর সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান। এ ছাড়া অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার পুলিশের ভাষ্যমতে, ২০১৩ সালের ২৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে থানার উপপরিদর্শক আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশ শহর উপকণ্ঠের বাঁকাল এলাকায় টহলে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্থানীয় আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রউফের বাড়িতে আসামিরা বৈঠক করছেন। তাঁরা তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। তাঁরা দেশের প্রচলিত আইন-কানুন উপেক্ষা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার এবং দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করার পাশাপাশি প্রশাসনিক কার্যকলাপ বন্ধ করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর পরিকল্পনা করছেন। একপর্যায়ে উপপরিদর্শক আসাদুল ইসলামের নৃেতত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক আবদুর রউফকে গ্রেপ্তার করে। তবে অন্যরা পালিয়ে যান।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল জানান, দণ্ডবিধির ১২০-এর ‘খ’ ও ১২৪-এর ‘ক’ ধারা মোতাবেক মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে কারাগারে থাকা আবদুর রউফ ও সাংবাদিক আবু সাঈদ বিশ্বাসকে এ মামলায় আসামি দেখানো হয়েছে। আবু সাঈদ পরে অন্য একটি মামলায় গ্রেপ্তার হন। অন্যরা সবাই পলাতক রয়েছেন।
মামলার অন্য আসামিরা বর্তমানে পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আন্দোলনরত নেতা-কর্মীদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।