বিএনপি-জামায়াতের ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতার অভিযোগে করা মামলায় ৩৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গত মঙ্গলবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক অমিত কুমার দে এ অভিযোগ গঠন করেন।
এর আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বিমানবন্দর থানার এসআই সুলতান আহম্মেদ এই ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে ট্রাকে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, জনমনে ভীতি সৃষ্টি ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী সেলিম আহম্মেদ বলেন, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে রাত পৌনে তিনটার দিকে কাশিপুর হাইস্কুলসংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অবরোধকারী ব্যক্তিরা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেন। এতে বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এ ঘটনায় ১৮ ডিসেম্বর বিমানবন্দর থানার এসআই মো. নুরুল আলম তালুকদার নাশকতার মামলা করেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এসআই সুলতান আহম্মেদ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।