বিএনপি-জামায়াতের ৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
লালমনিরহাট সদর উপজেলা জামায়াতের আমিরসহ বিএনপি ও জামায়াতের ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ও দ্রুত বিচার আদালতে গত সোমবার এই অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে শুনানির জন্য গ্রহণ করেন।১ মার্চ লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম সিদ্দিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে জামায়াতের স্থানীয় আমির খেদাবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমানসহ (৫৩) বিএনপি ও জামায়াতের ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগপত্রে ৮২ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার এবং বাকি ৭৮ জনকে পলাতক দেখানো হয়।গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের ডাকা হরতালের সময় লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ী এলাকায় পুলিশকে পিটিয়ে আহত করা, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ১ মার্চ মামলাটি করে।লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, অভিযোগ পত্রভুক্ত ৮২ জন আসামির মধ্যে ১০ জনের বিরুদ্ধে সদর থানায় আগে থেকে একাধিক মামলা ছিল। তিনি বলেন, চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।