বিএনপি-জামায়াতের 'সন্ত্রাসীদের' গ্রেপ্তার চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও নিহতের ঘটনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ডের’ দাবি জানিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এই দাবি জানান।

আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম বলেন, ‘আপনারা দেখেছেন, নির্বাচনের পূর্বে নীলনকশা অনুযায়ী বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জোট সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনের মাঠে না থেকে দেশের সর্বত্র সন্ত্রাস, নৈরাজ্য ও হামলা চালাচ্ছে। আওয়ামী লীগের অন্যান্য সকল গণতান্ত্রিক দল ও জোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে। গণমাধ্যমেও লাগাতার মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে এইচ টি ইমাম বলেন, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন—ইউসুফ আল মামুন, মোহাম্মদ হানিফ, ইসহাক হোসেন, জামাল উদ্দিন ও তোফাজ্জল হোসেন মণ্ডল। এ ছাড়া গুরুতরভাবে আহত হয়েছেন ২৫০ জনের বেশি নেতা-কর্মী ও সমর্থক। শত শত নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা করা হয়েছে। তিনি বলেন, ‘আজকে সকালে আমি আসার পথে আসাদুজ্জামান নূর সাহেব টেলিফোন করে জানালেন, নীলফামারী থেকে তার ওখানেও বড় রকমের হামলা হয়েছে। এই ধরনের তথ্য প্রতিদিনই আমরা পাচ্ছি।’

২০০১ সালের মতো সংখ্যালঘুদের ওপর হামলা করেছে বিএনপি-জামায়াত, এমন অভিযোগ করে এইচ টি ইমাম বলেন, ২৪টি জায়গায় হামলা ও গুলি হয়েছে, ১১টি গাড়িবহরে হামলা চালানো হয়েছে, দুটি পুলিশ ভ্যানেও হামলা হয়েছে। এ ছাড়া সারা দেশে আওয়ামী লীগের গাড়িবহরে হামলা, পেট্রলবোমা নিক্ষেপসহ নানা প্রকার নাশকতা চালানো হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ওপর হামলা করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনকে এই ধরনের হামলা ও সহিংসতায় জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।