সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হলে যে আন্দোলন হবে, তাতে সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
গতকাল শনিবার চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচন কমিশন ৫ জানুয়ারি যে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেছে, সিটি নির্বাচনে তার পুনরাবৃত্তি হলে পরিণাম হবে ভয়াবহ। সেটি হবে জনগণের সঙ্গে সরকারের শেষ যুদ্ধ। এই যুদ্ধে জনগণের জয় হবে।
গতকাল বিকেলে নগরের লাভ লেইনে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম ‘দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত সিটি করপোরেশন নির্বাচন’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ভোটাররা আতঙ্কগ্রস্ত, তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে মানসম্মান নিয়ে বাড়ি ফিরতে পারবেন কি না জানেন না। প্রত্যেক ভোটকেন্দ্রের ভেতরে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যদি সেনাবাহিনী থাকে, তাহলে অবশ্যই জনগণের মনোবল বৃদ্ধি পাবে। তিনি বলেন, নির্বাচনের দিন প্রতিটি ওয়ার্ডের নেতাদের দায়িত্ব হবে সব ভোটারকে কেন্দ্রে উপস্থিত করা।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আযাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
সভায় নেতা-কর্মীদের উদ্দেশে মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থেকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। ভোটারদের অনুপ্রাণিত করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ও ভোটের দিন যথাযথ দায়িত্ব পালন করি, তাহলে ২০১০ সালের ১৭ জুনের মতো এবারও সুফল পাব।’
সরকারদলীয় নেতা-কর্মীরা প্রচারণায় বাধা দিচ্ছেন ইঙ্গিত করে মনজুর আলম বলেন, ‘বিভিন্ন জায়গায় একটু একটু ডিস্টার্ব করা হচ্ছে। নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আরও নয় দিন এভাবে চালিয়ে যেতে পারলে তাঁরা কেউ কাছে আসতে সাহস করবে না।’
মাহফুজ উল্লাহ বলেন, ‘এই নির্বাচন ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের। এই নির্বাচন মানুষ হিসেবে আত্মমর্যাদায় বেঁচে থাকার সংগ্রামের নির্বাচন। ২৮ এপ্রিল নির্বাচনের দিন দেখবেন বিএনপির প্রতি জনগণের সমর্থন রয়েছে কি না।’
শওকত মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে। খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীদের এক হয়ে কাজ করতে হবে।