বঙ্গবন্ধুর যে খুনিরা এখনো বিদেশে পালিয়ে আছেন, তাঁদের ১৫ আগস্টের মধ্যে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, এসব পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হলে দেশ ও জাতির মঙ্গল হবে। এ জন্য সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুরঞ্জিত সেনগুপ্ত এই আহ্বান জানান। জিয়া হত্যার বিচার হলে দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ হতো মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপিই জিয়া হত্যার বিচার চায় না। বিএনপি জিয়া হত্যার বিচার চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। হাইকোর্টে বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, আইনজীবী মোহাম্মদ আলীসহ ১৩ আইনজীবীর ক্ষমা প্রার্থনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুরঞ্জিত বলেন, এটি খুবই ইতিবাচক। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপিকে সংলাপে আনার চেষ্টা করে নির্বাচন কমিশন বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু বিএনপি সংলাপে না এলে জাতির কাছে এটাই প্রমাণ হবে যে বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল হক, সহ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী।