বিএনপি জোট হরতাল করেছে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি ও জামায়াত জোট জনগণের জন্য হরতাল করেনি, তারা বারবার হরতাল করেছে সন্ত্রাস ও দুর্নীতিবাজ সন্তানদের রক্ষা, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। গতকাল শনিবার বরিশালে দলীয় জনসভায় তিনি এ কথা বলেন।ষড়যন্ত্রকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বিকেলে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় হানিফ বলেন, খালেদা জিয়া জনগণের জন্য কাজ করেন না। তাঁরা সব সময় নিজের আখের গোছানোর জন্য কাজ করেছেন। তিনি তাঁর দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ছেলেকে বাঁচানোর জন্য হরতাল ডেকেছেন, হরতাল করেছেন নিজের সম্পত্তি এবং সরকারি বাড়ি দখলে রাখার জন্য। এ কারণেই সাধারণ মানুষ ওই হরতাল প্রত্যাখ্যান করেছে।বিদ্যুৎ সমস্যার কথা উল্লেখ করে হানিফ বলেন, খালেদা জিয়া ও তাঁর ছেলেদের দুর্নীতি এবং লুটপাটের কারণে বিএনপি-জামায়াত সরকার এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। দুই হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি নিয়ে দায়িত্ব নিলেও সরকার ইতিমধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে। আগামী বছর চার হাজার মেগাওয়াট এবং ২০১৪ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এ ছাড়া শিক্ষানীতি, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংসদ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস, পিরোজপুরের সাংসদ এ কে এম আবদুল আউয়াল প্রমুখ।