বিএনপি জয়ী হলে মধ্যবর্তী নির্বাচনের জন্য সংগ্রাম করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের ছোট করে দেখলে চলবে না। দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে মন দিয়ে কাজ করতে হবে। কারণ, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বী। তারা বেশির ভাগ উপজেলায় জয়ী হলে তাকে ভিত্তি করে মধ্যবর্তীকালীন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করবে।
ভোলা শহরের গাজীপুর রোডের বাসভবনের মিলনায়তনে গতকাল শুক্রবার তৃণমূল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিনের সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের দরবারে ঠাঁই করতে বাণিজ্যিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করছি। বিএনপি হরতাল-অবরোধ করে বাণিজ্যের ব্যাপক ক্ষতি করেছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়ে পরাজিত হয়েছে। কিন্তু পাঁচ বছরের জন্য এই সরকার ক্ষমতায় এসেছে। এই পাঁচ বছরে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করব।’
তোফায়েল আহমেদ কর্মীদের সতর্ক করে বলেন, ‘কেউ ব্যক্তিগত সমস্যা সমাধানে আমার কাছে আসবে না। আমি সব নেতা-কর্মীর সমস্যা দূর করতে পারব না। সবার সমস্যা দূর করা সম্ভবও না।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করতে চাই। ভোলার প্রধান সমস্যা নদীভাঙন। ভোলাকে ভাঙনমুক্ত করব। ভোলায় একটি সার কারখানা করা হবে। তেঁতুলিয়া-কালাবদর নদীর ওপর সেতু নির্মাণ করে ভোলা-বরিশালের সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। ভোলার ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ চলছে। ভোলাকে মনের মতো করে সাজাব। বাংলাদেশের এক নম্বর জেলায় পরিণত করব।’
সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা ভোলা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইউনুসকে ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সেতারা বেগমকে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সমর্থন দেন।