বিএনপি টোটালি ফুলিশ খেলা খেলেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নির্বাচনে না এসে বিএনপি টোটালি ফুলিশ খেলা খেলেছে।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হয়েছি। পাঁচ বছরের হিসাবেই কাজ করব।’
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
কার্যালয়ে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, মধ্যবর্তী নির্বাচনের জন্য বাইরের কোনো চাপ আছে কি না? উত্তরে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কিসের বাইরের চাপ? যাঁরা বলেন, টোটালি ইউজলেস। কোনো ধরনের বাইরের চাপ নেই।’
পদ্মা সেতু নির্মাণে দেশের বাইরের কোনো তহবিল চাচ্ছেন না বলেও জানান মুহিত। তিনি বলেন, ‘কেউ যদি আসে, তাহলে আমরা তাদের সহায়তা নেব।’ কেউ আসবে এমন ইঙ্গিত পেয়েছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পাইনি।’ মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্বতন্ত্র বেতন স্কেলের কাজ যেখানে থেমেছিল সেখান থেকে শুরু হবে।