কক্সবাজারের পেকুয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি তিনটিতে, আওয়ামী লীগ দুটিতে ও অন্য দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
গত ৩১ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন রাত ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তন থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান।
ফলাফলে দেখা যায়, উজানটিয়ায় এম শহিদুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), টৈটংয়ে জাহেদুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), রাজাখালীতে ছৈয়দ নুর (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’-স্বতন্ত্র), মগনামায় শরাফত উল্লাহ (বিএনপি), শিলখালীতে নুরুল হোছাইন (বিএনপি), পেকুয়া সদরে বাহাদুর শাহ (বিএনপি), বারবাকিয়ায় এইচ এম বদিউল আলম (জামায়াত–সমর্থিত স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জামায়াত হারাল একটি ইউনিয়ন: পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ২০১১ সালের ৪ এপ্রিলের নির্বাচনে মগনামা ও বারবাকিয়া ইউপিতে জামায়াত–সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। এবারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো বারবাকিয়া ইউপিতে জামায়াত–সমর্থিত প্রার্থী বিজয়ী হলেও মগনামাতে হেরেছেন। এ ছাড়াও টৈটং ও রাজাখালীতে জামায়াত–সমর্থিত প্রার্থী হেরেছেন।
তিন ইউপিতে নতুন মুখ: পেকুয়া সদর, শিলখালী, উজানটিয়া ও বারবাকিয়ায় বর্তমান চেয়ারম্যানরা জয়লাভ করলেও তিনটি ইউপিতে বিজয়ী হয়েছেন নতুন মুখ। তাঁরা হলেন রাজাখালীতে ছৈয়দ নুর, টৈটংয়ে জাহেদুল ইসলাম চৌধুরী ও মগনামায় শরাফত উল্লাহ।