বিএনপি থেকে যুবদলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনে তাঁকে এই পদ দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘রায়কালি ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান মারা গেছেন। আর মোশাররফ হোসেন ছিলেন ওই কমিটির সাধারণ সম্পাদক। সেখানে বিএনপির নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মোশাররফের কারণে তা হয়ে ওঠেনি। এ কারণে তাঁকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে।’ অপরদিকে আক্কেলপুর উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছে খোদ জয়পুরহাট জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান অভিযোগ করেন, উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনের ব্যাপারে জেলা কমিটিকে কিছুই জানানো হয়নি। কিন্তু স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা একতরফাভাবে সম্মেলন ডেকে উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করেছেন। এই দুটি কমিটিই অবৈধ। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে এখানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো দুই ভাগে বিভক্ত হয়। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ গোলাম মোস্তফা। অপরটির নেতৃত্ব দিচ্ছেন জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী। গত সোমবার সাংসদ গোলাম মোস্তফা পক্ষের উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন উপজেলা মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। সাংসদ গোলাম মোস্তফা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। সাংসদ মোজাহার আলী পক্ষের আক্কেলপুর পৌর যুবদলের সভাপতি এম কেরামত আলী বলেন, ‘দলের অঙ্গসংগঠন থেকে মূল বিএনপিতে যাওয়া যায়। কিন্তু মূল দল থেকে অঙ্গসংগঠনের নেতৃত্বে আসা যায় না। গায়ের জোরে স্থানীয় সাংসদ অনিয়মকে নিয়মে পরিণত করেছেন।’ সাংসদ গোলাম মোস্তফা জানান, মোশাররফ আগে থেকেই যুবদল করতেন। খানিকটা জোর করেই তাঁকে রায়কালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছিল। অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে সাংসদ বলেন, ‘কমিটি বৈধ কি না অবৈধ, তা সময়ই বলে দেবে।’