বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি সহিংস ও সংঘাতের রাজনীতি পছন্দ করে না, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে রমজানের ঈদ পর্যন্ত সময় দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচন বিএনপি বাংলাদেশে হতে দেবে না। চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক শ্রমিকনেতার আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান অনুষ্ঠানে নোমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবনে গতকাল শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোমান আওয়ামী লীগ সরকারকে গভীর সমুদ্রে ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করে বলেন, সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যোগদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, মাহবুবুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম প্রমুখ। হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক শ্রমিকনেতা-কর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।